জমে থাকা গ্যাস বিস্ফোরণে ৩৪ জনের প্রাণহানির ঘটনার পর মসজিদটি বন্ধ করে দিয়েছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। ঘটনার একবছর পর ৬টি শর্তে একবছর পর বন্ধ থাকা মসজিদ খুলে দেয়ার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোর চিঠি প্রাপ্তির পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটি শর্ত সাপেক্ষে খুলে দেয়ার অনুমতি দেয়া হলো।
রবিবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মসজিদ কমিটির সভাপতি মো.আব্দুল গফুরের হাতে অনুমতিপত্র তুলে দেন জেলা প্রশাসক মেস্তাইন বিল্লাহ।
২০২০ সালের ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের ভিতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৪ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু বরণ করেন। আহত হয়েছিলেন বেশ কয়েকজন। এ ঘটনার পর পরই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, তিতাস, ডিপিডিসি একাধিক সংস্থা পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে পৃথকভাবে রিপোর্ট প্রদান করেন। তদন্তে রিপোর্টে অবৈধ বিদ্যুৎ সংযোগ, তিতাসের গ্যাস সংযোগে লিকেজ ও বৈদ্যুতিক সর্ট সার্কিটের বিষয়টি উঠে আসে। মসজিদে বিস্ফোরনের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এ মামলায় মসজিদ কমিটির সভাপতি, তিতাস ও ডিপিডিসির সংশ্লিষ্ট কয়েকজন গ্রেফতার হন।
মসজিদ খুলতে যে শর্তগুলি মানতে হবে-
১.মসজিদে একাধিক দরজা রাখার ব্যবস্থা ও আপাতত মসজিদটিতে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) যন্ত্রের ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ২. বিদ্যুতের প্যানেল বোর্ড মসজিদ ভবনের বাইরে অথবা বারান্দায় বসাতে হবে। ৩. তিন মাস পর পর অনুমোদিত প্রকৌশলী ও এবিসি লাইসেন্সপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা করতে হবে। ৪. মসজিদের বিদ্যুৎসংক্রান্ত সব কার্যক্রমের সঠিকতা নিশ্চিত করা। ৫. মসজিদের পাশে গ্যাসলাইন নেই অথবা গ্যাস লাইন সঠিক আছে মর্মে তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। ৬. মসজিদের প্রতিটি তলায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামাদি রাখতে হবে।
এছাড়াও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে মনিটরিং করাসহ এসব শর্তাবলি পালন নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণমাধ্যমকে বলেন, মসজিদ খোলার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দফতরের চিঠি চাওয়া হয়েছিল। দফতগুলো এই বিষয়ে ইতিবাচক সুপারিশ করেছে। এরই পরিপ্রেক্ষিতে মসজিদ খোলার অনুমতি দেওয়া হয়। মসজিদ সংস্কার করে যেকোনো সময় মুসল্লিরা নামাজের আয়োজন করতে পারবেন।